ট্যুরিস্ট বাস ও বাইকের সংঘর্ষ, নিহত ১, আহত ১

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় ট্যুরিস্ট বাস (জীপ ও চাঁদের গাড়ি সদৃশ) এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফেজ মাওলানা অলী উল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে মেরিন ড্রাইভের দরিয়ানগর পয়েন্টে টেকনাফগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী একটি দ্রুতগামী ট্যুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন।
নিহত হাফেজ মাওলানা অলী উল্লাহ হচ্ছেন সাবরাং ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও আহত আমির হোসেন (প্রকাশ আমিরু) একই ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক মাওলানা অলী উল্লাহকে মৃত ঘোষণা করেন। আহত আমির হোসেনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মাওলানা অলী উল্লাহর অকাল মৃত্যুতে সাবরাং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কক্সবাজার জেলার সদর থানার ওসি ছমি উদ্দিন জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল চাঁদের গাড়ি যানটি উদ্ধার করেছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।
টেকনাফের সচেতনত মহল মনে করেন, মেরিন ড্রাইভে ট্যুরিস্ট বাস বা জীপ চলাচলের ক্ষেত্রে চালকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। পাশাপাশি সড়কে ব্যারিকেড স্থাপন প্রয়োজন।
















