ফেরিঘাট নিয়ে রাজনীতি না করার আহ্বান নৌপরিবহন উপদেষ্টার


কক্সবাজারের কুতুবদিয়া–মগনামা নৌরুটে আধুনিক সি–ট্রাক চালু হওয়ায় দ্বীপ উপজেলা কুতুবদিয়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দ্বীপের বাসিন্দারা। তবে ফেরিঘাট ইস্যুতে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে পেকুয়ার মগনামা ঘাটে সি–ট্রাক চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমে তিনি এই আহ্বান জানান।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, কুতুবদিয়া একটি গুরুত্বপূর্ণ দ্বীপ উপজেলা। দীর্ঘদিন ধরে এখানকার মানুষ ঝুঁকিপূর্ণ সাগরপথে যাতায়াত করে আসছেন। নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই এই নৌরুটে সি–ট্রাক চালু করা হয়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি আসবে।
এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহ চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ)’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) এ.কে.এম ফজলুল হক, যুগ্ম সচিব ও সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক এ.কে.এম আরিফ উদ্দিন, প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী (পুর) এ.এইচ মো. ফরহাদ উজ্জামান, নৌসংরক্ষণ ও পরিচালনার পরিচালক ক্যাপ্টেন মো. শাহজাহান, প্রকৌশল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) মো. ছাইদুর রহমান, প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.এস.এম আশরাফুজ্জামান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সলিম উল্লাহ, বাণিজ্যিক পরিচালক এস.এম আশিকুজ্জামান, কারিগরি পরিচালক ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী, কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

















