ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করলো আইসিসি

fec-image

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণাকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সতর্ক করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের ওপর গুরুতর ও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। পাশাপাশি ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই সংকটের একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে।

গত রোববার (২১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তান দলকে। তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা অংশ নেবে না।

এর প্রায় তিন ঘণ্টা পর এক বিবৃতিতে আইসিসি জানায়, এ বিষয়ে এখনো পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অবস্থান জানানো হয়নি। পাকিস্তান সরকারের সিদ্ধান্ত সম্পর্কে অবগত থাকলেও বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় রয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

বিবৃতিতে আইসিসি উল্লেখ করে, নির্দিষ্ট কোনো ম্যাচে অংশগ্রহণ না করার ধারণা কোনো বৈশ্বিক ক্রীড়া ইভেন্টের মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিক টুর্নামেন্টে সূচি অনুযায়ী সব দলের সমান শর্তে প্রতিদ্বন্দ্বিতা করাই প্রত্যাশিত।

আইসিসির মতে, তাদের টুর্নামেন্টগুলো ক্রীড়াসুলভ সততা, প্রতিযোগিতামূলক মানসিকতা, ধারাবাহিকতা ও ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত হয়। নির্দিষ্ট ম্যাচ বর্জনের সিদ্ধান্ত এসব প্রতিযোগিতার চেতনা ও স্বচ্ছতাকে ক্ষুণ্ন করে।

সংস্থাটি আরও জানায়, তারা রাষ্ট্রীয় নীতিনির্ধারণে সরকারের ভূমিকার প্রতি সম্মান জানায়। তবে এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে কিংবা বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমী দর্শকদের জন্য ইতিবাচক নয় বলেই মনে করছে আইসিসি।

বিবৃতিতে পিসিবিকে নিজ দেশের ক্রিকেটের ওপর সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়। কারণ এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে, যার অংশীদার ও সুবিধাভোগী হিসেবে পিসিবি নিজেই যুক্ত।

আইসিসি জানায়, তাদের প্রধান অগ্রাধিকার হলো আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করা। এ দায়িত্ব পিসিবিসহ সব সদস্য বোর্ডের। তাই সব পক্ষের স্বার্থ রক্ষা করে পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ এখনো জানায়নি পাকিস্তান সরকার। তবে এর আগে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। সে সময় তিনি বলেছিলেন, টুর্নামেন্টে পাকিস্তানের অংশগ্রহণ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আইসিসি, খেলা, পাকিস্তান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন