রাঙামাটির দুর্গম এলাকায় ভয়াবহ আগুন, পুড়ল দোকান–বসতঘর

fec-image

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গবাছড়ি বাজারে  ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে  এই আগুনে বাজারের অন্তত ৪০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ীদের মজুত করে রাখা ফুলঝাড়ু থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা তাদের মালামাল বা বসতঘরের কোনো আসবাবপত্র রক্ষা করার সুযোগ পাননি। পুড়ে যাওয়া মালামালের মধ্যে বিপুল পরিমাণ ফুলঝাড়ু, পাহাড়ি শুকনো হলুদ, দোকানের পণ্য, ফার্মেসি এবং একটি বড় বাজারশেড এবং কিছু বসতবাড়ি রয়েছে।

এই অগ্নিকাণ্ডে ওই এলাকার চুমাচুমি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থীর পাঠ্যবই ও যাবতীয় শিক্ষা সামগ্রী পুড়ে গেছে। নতুন শিক্ষাবর্ষের বই ও সরঞ্জাম হারিয়ে এই কোমলমতি শিক্ষার্থীরা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় স্থানীয়রা আপ্রাণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

জুরাছড়ি উপজেলা সদর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এই এলাকার মানুষ দৈনন্দিন প্রয়োজনে বিলাইছড়ি উপজেলার ওপর নির্ভরশীল।

অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দুমদুম্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শান্তি রাজ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন