অবিলম্বে শহীদ নুরুল মোস্তফার স্বীকৃতি চাই : নুরুল হক নুর


কক্সবাজারের ঈদগাঁওয়ে (১১ জুলাই ) শুক্রবার জুমার নামাজ পরবর্তী পথসভায় গণঅধিকার পরিষদ সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী জুলাই বিপ্লবে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্য ধরে রাখতে হবে। গণঅধিকার পরিষদ বিপ্লব পরবর্তী বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে তিনশ’ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।এর অংশ হিসাবে কক্সবাজার সফর করেছেন।
তিনি আরো বলেন, সফরকালে কক্সবাজারের চকরিয়ার জুলাই শহীদ আহসান হাবীবের কবর জেয়ারত করবেন এবং পরিবারের খোঁজ খবর নেবেন।
আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে জোট ও রোহিঙ্গা বংশোদ্ভূত ঈদগাঁওয়ের জুলাই শহীদ নুরুল মোস্তফার স্বীকৃতির বিষয়ে জানতে চাইলে ভিপি নূর বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পরই জোটের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে এবং মুক্তিযুদ্ধে যেমন বিদেশি নাগরিকরা
বিভিন্নভাবে যুদ্ধে সহায়তা করে সম্মানিত হয়েছেন, ঠিক একইভাবে শহীদ নুরুল মোস্তফাও এ দেশের জনগণের মুক্তির জন্য জীবন দিয়েছেন। সুতরাং সরকার ইতিমধ্যে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। গণঅধিকার পরিষদ অবিলম্বে এ শহীদের স্বীকৃতি চাই।
তিনি ঈদগাঁও উপজেলাসহ দেশের জনগণকে ফ্যাসিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এতে আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ সহ-সভাপতি ও দলের মুখপাত্র ফারুক হাসান।
ঈদগাঁও উপজেলা যুব অধিকার পরিষদ সভাপতি মনছুর আলমের চেষ্টায় ভিপি নুরের গাড়ি বহর কক্সবাজারে থেকে সড়ক পথে চকরিয়া যাওয়ার পথে ঈদগাঁও উপজেলার জামিউল ফালাহ মসজিদে জুমার নামাজ আদায় পরবর্তী খতীবের অনুরোধে মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভিপি নুর। পরে তিনি পথসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন।
এদিকে ভিপি নুর উক্ত মসজিদে জুমার নামাজ আদায় করছেন এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শত শত জনতা মসজিদের সামনে উপস্থিত হন তাকে দেখা ও বক্তব্য শুনার জন্য।

















