ঈদগাঁওয়ে লোডশেডিং ও অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ


কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় অব্যাহত লোডশেডিং, অনিয়মের প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে ঈদগাঁও বাসস্টেশনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সর্বস্তরের জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে ঈদগাঁও জোনাল অফিস ডিজিএমকে অপসারণ, অব্যাহত লোডশেডিং সহনীয় পর্যায়ে এনে ঈদগাঁওয়ের জন্য বরাদ্দকৃত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বড় ধরণের কর্মসূচির হুঁশিয়ারি দেন।
তারা আরো বলেন, উপজেলার শতাধিক গ্রাম বিদ্যুত বৈষম্যের শিকার দিনের পর দিন। এমনকি সপ্তাহিক ছুটির দিনেও নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে জনগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের সন্দেহ বিদ্যুৎ কর্তারা এ উপজেলার জন্য বরাদ্দকৃত বিদ্যুৎ অনৈতিক লেনদেনের বিনিময়ে ভিন্ন উপজেলায় সরবরাহ করে থাকতে পারে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মিছবাহ উদ্দিন, তারেকুর রহমান, রহিম চৌধুরী, রুবেল মাহমুদ রনি, হাবিব আজাদ, নাছির উদ্দীন ও মনির আহমদ প্রমুখ।
পরে বিক্ষোভকারীরা মিছিল সহকারে পল্লী বিদ্যুৎ ঈদগাঁও জোনাল অফিসের এজিএমের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি দাওয়া তুলে ধরেন।

















