ঈদের ছুটিতে পর্যটকের আগমনে প্রাণ ফিরেছে সাজেকে

fec-image

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিকে ঘিরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ভ্রমণপিপাসুদের ভিড় বেড়েছে।

এরই মধ্যে সাজেকের শতাধিক রিসোর্ট ও কটেজ আগাম বুকিং হয়ে গেছে। প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য সেবায় যাতে কোনো ধরনের ঘাটতি না থাকে, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে পর্যটকরা বলছেন, সাজেকে রুম ভাড়া ও গাড়ি ভাড়া তুলনামূলক বেশি। একেকটি তাবুর ভাড়াও ২/৩ হাজার টাকা।

সাজেকের কটেজ ও রিসোর্ট মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক মতিজয় ত্রিপুরা জানান, ইতোমধ্যে সাজেকের সব রিসোর্ট ও কটেজে শতভাগ বুকিং হয়ে গেছে। আগত পর্যটকদের ভোগান্তি এড়াতে অগ্রিম রুম বুকিং করে সাজেক আসার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে আগত অনেক পর্যটক জানান, রুম বুকিং না পেয়ে সাজেকে রাত্রিযাপন না করে খাগড়াছড়ি ফিরে গেছেন।

সাজেক টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক নিশাত রায় বলেন, ঈদকে কেন্দ্র করে সাজেকে পর্যটকদের বাড়তি নিরাপত্তা ও সতর্কতার কথা মাথায় রেখে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে অভ্যন্তরীণ নজরদারি।

মনটা রেস্টুরেন্টের মালিক জহির খান বলেন, ঈদকে কেন্দ্র করে হাজারো পর্যটকের আগমনে প্রাণ ফিরেছে সাজেক পর্যটন শিল্পে। এবার ঈদে ১০ দিনের টানা ছুটিতে ব্যবসায়ীরাও দেখছেন বাড়তি আয় এবং পুরোনো ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন