ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার বিকেলে শহরের রিজার্ভ বাজার অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। বিকেল সাড়ে সাড়ে চারটার সময় বিক্ষোভ মিছিলটি শহরের দোয়েল চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমূহনী চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা, মোঃ জসিম উদ্দিন, মোঃ জয়নাল, মোশারফ হোসেন ফয়সাল, রিংকু চাকমা, সোহাগসহ অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার একের পর এক জনপ্রিয় নেতৃবৃন্দকে বিনা অপরাধে আটক করে মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নির্মম নির্যাতন চালিয়ে পঙ্গু বানিয়ে দেওয়ার চেষ্ঠা করছে। সরকার তার বিরোধী কণ্ঠস্বর চিরতরে বন্ধ করে গণতন্ত্র ধ্বংস করে বাকশাঁল কায়েম করার নীল নকশা করছে। যাহা দেশের গণতন্ত্রকামী আপমর জানসাধারণ মোটেও মেনে নেবেনা।
বক্তারা বলেন, এই সরকারের পতন অনিবার্য। সরকারের বিরুদ্ধে সারাদেশে গণ-প্রতিরোধ গড়ে তুলেছে জনতা। সরকারের পালানোর সব পথ বন্ধ হয়ে গেছে। এই সরকার যদি আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দলীয় সরকারের প্রস্তাব মেনে না নেয়। দেশের গণতন্ত্র প্রেমী মানুষ টেনে হেচঁড়ে এই সরকারকে ক্ষমতা থেকে নামাবে।
সমাবেশ থেকে সারাদেশে ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার পরবর্তী রিমান্ডের নামে নির্যাতন বন্ধ করে অনতিবিলম্বে সকল নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।



















