টেকনাফে আইস ও বিদেশী পিস্তলসহ আটক ১


টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একজন আসামীসহ ০.৮১৬ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১টি বিদেশী পিস্তলসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হচ্ছেন টেকনাফ পৌরসভার মিলিংগার পুত্র মোঃ করিম (৩৩)। রোববার (২০ জুলাই) গোপন সূত্রের ভিত্তিতে তাকে আটক করা হয়।
সূত্রে জানা যায়, চোরাকারবারীরা মিয়ানমার থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অস্ত্র এনে টেকনাফ পৌরসভা ৭ নং ওয়ার্ড উত্তর জালিয়াপাড়া এলাকার একটি বসতবাড়িতে ক্রয়-বিক্রয়ের জন্য মজুদ করেছে। বিষয়টি বিজিবি গোপন সংবাদে জানতে পেরে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার জনৈক করিমের বাসায় গোপনে মাদক ও অস্ত্রের লেনদেনের প্রস্তুতি চলছে।
তাৎক্ষণিকভাবে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আশিকুর রহমান-এর নেতৃত্বে চোরাকারবারীদের ধরতে বিজিবির একাধিক সদস্য জালিয়াপাড়া এলাকায় চারদিক ঘিরে তল্লাশি চালায়। অভিযান চলাকালে বিকাল সাড়ে তিনটায় বিজিবি টহল দল করিমের বসতবাড়িতে গেলে চোরাকারবারীরা উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকাল একজন চোরাকারবারীকে আটক করে।
এ সময় অপর আরো দুইজন চোরাকারবারী পালিয়ে যায়। পরে আটককৃত ব্যাক্তির তথ্যমতে করিমের বসত বাড়ির খাটের নীচে অভিনব কায়দায় লুকানো ০.৮১৬ কেজি নিষিদ্ধ ঘোষিত ক্রিস্টাল মেথ আইস এবং ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। অভিযান শেষে গ্রেফতারকৃত ব্যক্তিকে মাদক ও পিস্তলসহ প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
অধিনায়ক লে. কর্ণেল মো: আশিকুর রহমান উক্ত তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দেরকে মাদকবিরোধী অভিযানে বিজিবিকে সর্বাত্মক তথ্য ও সহযোগিতা প্রদানে সহযোগিতা কামনা করেন এবং টেকনাফের মাদক চক্রের সাথে সম্পৃক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয়ের পাশাপাশি দেশের সীমান্ত নিরাপত্তা, মাদক নির্মূল এবং সকল অবৈধ কার্যক্রম প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানান।

















