টেকনাফে র‍্যাবের সাঁড়াশি অভিযান, উদ্ধার ৩

fec-image

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত তিন ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। গতকাল বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের করাচি পাড়া এবং হ্নীলা এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলেন কক্সবাজার সদর উপজেলার লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়া এলাকার জাকির আহাম্মদ, নুর হোসেন এবং আয়াত উল্যাহ।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা একদল ব্যক্তি এই তিনজনকে টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনে। এরপর তাদের সিএনজিযোগে রাজারছড়া এলাকার করাচী পাড়ার গহীন পাহাড়ে নিয়ে জিম্মি করা হয়। অপহরণকারীরা ভিকটিমদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনায় ভিকটিমদের পরিবার গত ১২ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি র‍্যাবকে জানানো হলে তারা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে।

​র‍্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে করাচী পাড়া সংলগ্ন পাহাড় ও হ্নীলা এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমদের ফেলে রেখে গহীন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে র‍্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে তিন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

​র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের বর্তমানে তাদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একইসাথে পালিয়ে যাওয়া অপহরণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন