আইনশৃঙ্খলার চরম অবনতি : ঈদগাঁওয়ে ফের ৪টি গরু চুরি


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউপির দুই নং ওয়ার্ড ছাতিপাড়ার আবদু ছমদের গোয়াল ঘরে হানা দিয়ে গভীর রাতে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরুর মালিকের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গরুগুলো চুরি করে পালিয়ে যায় বলে ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ী জানান।
ক্ষতিগ্রস্ত মালিক জানান, ভোরে ফজরের নামায আদায় করতে ঘর থেকে বের হতে গিয়ে বাহির থেকে দরজা বন্ধ পান। পরে ভিন্ন দরজা দিয়ে বের হয়ে দেখেন গোয়াল ঘরে থাকা আড়াই লক্ষাধিক টাকা মুল্যে ক্রয়কৃত তার গরু চারটি নেই। তিনি গরু কেনাবেচা পেশায় রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন গরু লুটের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উপজেলায় কয়েক মাস ধরে একের পর এক সশস্ত্র ডাকাতদল অপহরণ এবং গরু চুরি-ডাকাতি চালিয়ে যাচ্ছে। থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশের নাকের ডগা দিয়ে গাড়ি যোগে লুটকৃত গরু ও মালামাল নিয়ে কিভাবে ডাকাতদল নির্বিঘ্নে চলে যায় তা নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে বিগত এক মাসে উপজেলার পৃথক স্থান থেকে প্রায় অর্ধকোটি টাকার গরু লুট হলেও এ পর্যন্ত প্রশাসন কোন অপরাধীকে আটক করতে পারেনি।

















