চকরিয়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক নি/হত


কক্সবাজারের চকরিয়ায় উপকূলীয় জনপদ বদরখালীতে সুহায়েত (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
শুক্রবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকের আজমনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
নিহত যুবক সুহায়েত বদরখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মগনামা পাড়া এলাকার নুরুল আজিজের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বদরখালী বাজার থেকে সুহায়েত রাস্তা দিয়ে কয়েকজন লোকের সাথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যে আজমনগর স্কুলের সামনে এসে পৌঁছলে ৪-৫ জন মুখোশধারী লোক পেছন থেকে ব্যাটারিচালিত রিক্সা করে এসে সুহায়েতকে লক্ষ্য করে গুলি করে।
এতে সুহায়েতের মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। ওই সময় তার সাথে হাঁটতে থাকা লোকেরা শব্দ শুনে এসে দেখতে পায় তার লাশ রাস্তায় পড়ে আছে। এ সময় দুর্বৃত্তরা অটোরিক্সা করে পালিয়ে যেতে দেখে ধাওয়া করলে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করেও গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশ উদ্ধার করে।
চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শুক্রবার রাতে বদরখালীতে মুখোশ পরিহিত দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে হত্যা করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। তবে নিহত সুহায়েতের বিরুদ্ধে থানায় একটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।

















