থানচি ভ্রমনে উপজেলা প্রশাসনের নিশেধাজ্ঞা আংশিক শিথিল

বান্দরবানের থানচির রেমাক্রী খালের নাফাঁখুম জলপ্রপাত পর্যন্ত পর্যটকদের ভ্রমনের নিষেধাজ্ঞা শিথিলের বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার ২৫ নভেম্বর দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনের পর্যটক সংশ্লিষ্ঠদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়। থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল এই সভায় সভাপতিত্ব করেন।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে- পর্যটকদের নিবন্ধন রেজিস্ট্রেশন সকল ধরনের তথ্য ওয়ান স্টপ সার্ভিস, ইঞ্জিন নৌকা মালিকদের নিজস্ব উদ্যোগে লাইফ জ্যাকেট রাখা বাধ্যতামূলক, তথ্য সেবা কেন্দ্র থেকে এক স্থান হয়ে পর্যটন কেন্দ্রের ভ্রমন, গাইডসহ যাত্রা, ইঞ্জিন নৌকা ভাড়া ৩ হাজার টাকা, গাইড ফি ৮০০ টাকা নির্ধারণ এবং প্রশাসনের নিতিমালা মেনে চলা ইত্যাদি উল্লেখযোগ্য। সভায় পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে উপস্থিত পর্যটক সংশ্লিষ্ঠদের সাথে আলাপ আলোচনা করে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
গাইড কল্যাণ সমবায় সমিতির নেতা পাইথুইপ্রু (অন্তর) খিয়াং বলেন, উপজেলা প্রশাসনের সকল সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের কর্মবিরতি আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রত্যাহার করে নিয়েছি। প্রশাসনের নিতিমালা অনুসারে আমরা নিজ নিজ কাজে ফিরে যাব।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক মো. জাকির হোসেন, থানচি থানার ওসি নাছির উদ্দিন মজুমদার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, তিন্দু ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মংপ্রুঅং মারমা, রেমাক্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মালিরাং ত্রিপুরা, টুরিষ্ট গাইড কল্যাণ সমবায় সমিতি আহবায়ক পাইথুইখয় (অন্তর) খিয়াংসহ পর্যটক সংশ্লিষ্টরা।

















