এপস্টাইন ইস্যুতে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকাণ্ড নিয়ে মুখ খুলেছেন। এপস্টেইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না বলে দাবি করেছেন তিনি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে মেলানিয়া ট্রাম্প বলেন, ‘আমার সঙ্গে এপস্টেইনকে জড়িয়ে যে মিথ্যা প্রচার হচ্ছে, তা আজই বন্ধ হওয়া উচিত। যারা এসব বলছে, তাদের নৈতিকতা ও সম্মানের অভাব রয়েছে।’
তবে হঠাৎ মেলানিয়া কেন এ বিষয়ে প্রকাশ্যে কথা বললেন, তা স্পষ্ট নয়। তিনি নির্দিষ্ট কোনো অভিযোগের কথাও উল্লেখ করেননি।
তিনি জানান, তিনি তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন এপস্টেইনের সঙ্গে পরিচয়ের দুই বছর আগে। ‘আমি এপস্টেইনের ভিকটিম নই। এপস্টেইন আমাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেননি।’
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রকাশিত কিছু নথিতে ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্পকে ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে এপস্টেইন, ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা গেছে। তবে মেলানিয়া আবারও জোর দিয়ে বলেন, তিনি কখনো এপস্টেইনের কোনো অপরাধে জড়িত ছিলেন না, তার বিমানে ওঠেননি বা ব্যক্তিগত দ্বীপে যাননি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

















