গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাজনগর প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকা দল


রাঙ্গামাটির লংগদু উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ বালক ও বালিকা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ফাইনালে বালক বিভাগে কালাপাকুজ্যা ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জেতে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্যদিকে বালিকা বিভাগে লংগদু ইউনিয়নের এপি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একই ব্যবধানে (১-০ গোলে) হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লংগদু মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক মানিক জানান, বালক দল সেমিফাইনালে ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ২-১ গোলে পরাজিত করে ফাইনালে ওঠে। এর আগে কোয়ার্টার ফাইনালে তারা মাইনি মুখ ইউনিয়নের তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারায়।
অন্যদিকে বালিকা দল প্রথম রাউন্ডে বগাচত্বর ইউনিয়নের উগলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে তারা কালাপাকুজ্যা ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
ফাইনালে উভয় দলই দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে শিরোপা জয়ের গৌরব অর্জন করে।

















