সৌদিকে সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে বার্তা দিল ইরান

পবিত্র কুরআনের ৩ নম্বর সুরার ১৩ নম্বর আয়াতে বলা হয়েছেস- ”তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দু’দল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দীরূপে দাঁড়িয়েছিল (বদর প্রান্তরে)। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপরদল ছিল কাফির, কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন, নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে।”
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শ্রদ্ধা জানাতে আসা সৌদি আরবের প্রতিনিধি দলের সামনে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের এই ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়। এই আয়াত নির্বাচনের পেছনে কোনো বিশেষ কূটনৈতিক বার্তা ছিল কি না, তা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
শুক্রবার তেহরানে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। দলটির নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান সম্ভবত একটি প্রতীকী বার্তা দিতে চেয়েছে। প্রতিবেদনের ব্যাখ্যা অনুযায়ী, এর মাধ্যমে নিজেদের আল্লাহর পথে থাকা পক্ষ হিসেবে এবং প্রতিপক্ষকে বিপরীত অবস্থানে দেখানোর ইঙ্গিত দেওয়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এদিকে সৌদি প্রতিনিধিদের সামনে এই নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এর কূটনৈতিক তাৎপর্য নিয়ে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।
















