ভারী বর্ষণে নাফ নদীতে বাবা-ছেলে নিখোঁজ, ছেলের লাশ উদ্ধার


কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বাবা ও ছেলে দুই জনই নিখোঁজের একদিন পর ছেলে মো. রুহুল আমিনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
মৃত রুহুল আমিন টেকনাফের জাদিমুড়া ব্লকঃ বি/৭ এর নুর উল্লাহ’র ছেলে।
বুধবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া নাফ নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস।
ভুক্তভোগীর পরিবারের বরাতে তপন কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে টেকনাফের আশ্রয় শিবিরের ক্যাম্প-২৭ জাদিমুড়া বি/৭ ব্লকে বসবাসরত নুর উল্লাহ (৪৭) ও তার ছেলে রুহুল আমিন (২০) নামের দুইজন রোহিঙ্গা নাফ নদীতে মাছ ধরতে গেলে চলমান ভারী বর্ষণের কবলে পড়ে নাফ নদীতে ডুবে যায়। পরবর্তীতে বুধবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে হৃীআ ইউনিয়নের দমদমিয়া জাহাজ ঘাটের নাফনদীতে নিখোঁজ রুহুল আমিনের মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেলে তার পিতা নুর উল্লাহ’ এখনো নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে তারা পুলিশকে খবর দিলে রুহুল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

















