রাজস্থলীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ৪ লাখ টাকা জরিমানা

fec-image

রাঙামাটির রাজস্থলীতে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। এ সময় ইটভাটা দুটির মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজস্থলী উপজেলা প্রশাসন ও রাঙ্গামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কঙ্খন প্রভার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কলেজপাড়া এলাকা ও খ্রোমংপাড়ায় পৃথক অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা ও জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষিদ্ধ এলাকায় অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে আজ উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজপাড়া এলাকার কেবিডব্লিউ ব্রিকস এবং একই ইউনিয়নের বিআরবি ব্রিকস নামক ইটভাটা দুটির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় কেবিডব্লিউ ব্রিকসের মালিককে ২ লাখ টাকা এবং বিআরবি ব্রিকসের মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।

রাঙামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুমিনুল ইসলাম বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা দুটি বন্ধ ঘোষণার পাশাপাশি তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।’

ম্যাজিস্ট্রেট বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে নিষিদ্ধ স্থানে ইটভাটা দুটির কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সে কারণে ইটভাটা দুটির কিলন ভেঙে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি ছিটিয়ে অগ্নি নির্বাপন করে ভাটা দুটি বন্ধ ঘোষণা করা হয়।’

এ সময় ইটভাটার চুল্লি পোড়ানোর জন্য প্রস্তুতকৃত ইট ফায়ার সার্ভিসের সহায়তায় ধ্বংস করা হয়। বন্ধ ঘোষণার পাশাপাশি ইটভাটা দুটিকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ ইটভাটা বন্ধের অভিযান পরিচালনার সময় রাঙামাটি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম, রাজস্থলী থানা পুলিশ এবং রাজস্থলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইটভাটা, রাঙামাটি, রাজস্থলী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন