জয়ী হলে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান করা হবে : দীপেন দেওয়ান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসনে জিততে পারলে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান করা হবে বলে মন্তব্য করেছেন, বিএনপি মনোনিত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান আরো বলেন, রাঙামাটি আসনে বিগত সময়ের এমপিরা উন্নয়নের বদলে দুর্নীতি উপহার দিয়েছেন। আমি জিততে পারলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স উপহার দিব। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করব।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপির এ প্রার্থী বলেন, আমি নিজেকে শক্তিশালী প্রার্থী বলছি না। যারা নির্বাচনে অংশ নিয়েছেন তাঁরা সকলে অনেক শক্তিশালী। আশা করছি একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এখানকার আঞ্চলিক দলগুলোর প্রার্থীরা নির্বাচনে অংশ নেয়নি এটা তাদের ব্যাপার। এ ব্যাপারে আমি ভাবছি না। আমি একটি জাতীয় রাজনৈতিক দলের প্রার্থী। বিএনপি একটি জনপ্রিয় এবং বড় রাজনৈতিক দল।
দীপেন দেওয়ান নিরাপত্তার ব্যাপারে বলেন, কাল কী হবে তা আমরা জানি না। তবে এ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে একদল দুর্বৃত্ত নির্বাচন থেকে সরে যেতে হুমকি দিয়েছে। থানায় এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করছি। যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
শাক্তিচুক্তির ব্যাপারে তিনি বলেন, চুক্তিতে অনেক কিছু রয়েছে। আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে হবে। বাজারফান্ড জায়গার প্রশাসনিক জলিতা আলোচনার টেবিলে সমাধানের আশ্বাস দেন তিনি।
তিনি ঘোষণা দেন, ক্ষমতায় যেতে পারলে রাঙামাটিকে আধুনিক পর্যটন নগরী গড়ে তোলা হবে। এজন্য একটি রোডম্যাপ করা হবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালকদার দীপু, সহ-সভাপতি সাইফুল চৌধুরী ভুট্টো, এ্যাড: সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক এ্যাড: মামুনুর রশীদ মামুনসহ দলটির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
















