নারী নেতৃত্ব যারা চায় না, তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না : সালাহউদ্দিন আহমদ


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন— নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে, যেটা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের প্রতিবাদ জানাই।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে চায়, কর্মস্থলে যেতে দিতে চায় না। তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছে, যাতে নারীদের কর্মসংস্থান না হয়। অথচ এ দেশে সাম্য, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কিন্তু একটি দল তার বিপরীতে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। অথচ ওই দল জাতীয় সংসদ নির্বাচনের জন্য কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডেই বোঝা যায় তারা এ দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদের অগ্রগতি, প্রগতি, সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায় না। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা। আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী, তেমনি পৃথিবীর প্রায় দেশেও তাই। এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে বা অন্ধকারে ফেলে রেখে কোনো দেশ বা পৃথিবী কখনো এগিয়ে যেতে পারে না। তাই তিনি ১২ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার প্রতিবাদ জানাতে আহ্বান জানান।
উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ নারী শিক্ষার হার অনেক বেড়েছে। আজকের ছাত্রছাত্রীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি, প্রগতি ও সমৃদ্ধি নিয়ে আসবে। বিএনপির পরিকল্পনা নারী সমাজকে ক্ষমতায়ন করবে, মর্যাদাবান ও অর্থনৈতিক সচ্ছলতা আনবে বলে দাবি বিএনপির এই শীর্ষ নেতার।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে বৃত্তিপ্রাপ্ত ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালাহউদ্দিন আহমদ।

















