নোয়াখালীতে পাকিস্তানি অলরাউন্ডার


পাকিস্তানের ক্রিকেটার মাজ সাদাকাতকে দলে ভিড়িয়েছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। তার বয়স ২০ বছর। বাঁ-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার। এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে দারুণ সাফল্যের বার্তা দিয়েছেন তিনি।
সাদাকাতকে দলে ভেড়ানোর বিষয়টি নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে। তাকে মৌসুমের শুরু থেকে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।
সাদাকাত পাকিস্তানের উদীয়মান ক্রিকেটার। তরুণদের মধ্যে বাঁ-হাতি ব্যাটার এবং বাঁ-হাতি অর্থডক্স স্পিনারদের কদর করা হয়। এমন কেউ এলেই ভবিষ্যতের সাকিব আল হাসান, রবীন্দ্র জাদেজা কিংবা রাচিন রবীন্দ্রর মতো অলরাউন্ডার হওয়ার সম্ভাবনার কথা বলা হয়।
সাদাকাত তেমনই একজন। তিনি ২৪টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে দুই সেঞ্চুরি ও ১২টি ফিফটির দেখা পেয়েছেন। ওই ফরম্যাটে ৩৯ গড়ে রানের সঙ্গে ১৭টি উইকেট আছে তার। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ ম্যাচে একটি সেঞ্চুরি ও চার ফিফটিতে ৫৯৮ রান তার। উইকেট নিয়েছেন ১৩টি। ঘরোয়া টি-২০ ক্রিকটে ২৫ ম্যাচে ৫ ফিফটিতে ৭৫১ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৯৬। উইকেট নিয়েছেন ১৪টি।

















