খাগড়াছড়িতে দুর্নীতিবিরোধী বিতর্কে বিজয়ের মুকুট নতুন কুঁড়ির মাথায়

fec-image

দুর্নীতি বিরোধী শপথে প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই— দৃপ্ত এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত হলো দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে মুখোমুখি হয় নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাইস্কুল ও খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তুমুল যুক্তি-তর্কে জমে ওঠে বিতর্কের মঞ্চ, যেখানে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে গাঢ় হয়ে ওঠে প্রতিযোগিতার আবহ। শেষ পর্যন্ত শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের মুকুট পরে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, দুদক রাঙ্গামাটি জেলার উপ-সহকারী পরিচালক সরোয়ার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের সহকারী অধ্যাপক বাসু দেব বিশ্বাস, বিচারকের দায়িত্বে ছিলেন দীঘিনালা কলেজের প্রভাষক মো. দুলাল হোসেন এবং খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম।

শিক্ষার্থীদের সততা, ন্যায়পরায়ণতা ও দুর্নীতিবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বক্তারা তাদের বক্তব্যে ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন