পেকুয়ায় চুলার আগুনে পুড়ে গেল বসতবাড়িসহ তিনটি দোকান


কক্সবাজারের পেকুয়ায় চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেল বসতবাড়িসহ আরো তিনটি দোকান। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টায় উপজেলার সদর ইউনিয়নের কামাল চেয়ারম্যানের রাস্তার মাথা ভোলাইয়াঘোনা স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার ফয়েজ আহমেদের বসতঘরের রান্নার চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত্র ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে তার বসতঘরসহ পাশের তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দমকলকর্মী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় দেলোয়ার হোসেন জানান, একই বসতঘরে তিন পরিবার বসবাস করে আসছে। ফয়েজ আহমেদ ৭০ বছরের বয়োবৃদ্ধ। অতি ঠান্ডার কারণে আগুন জ্বালিয়ে ওই বৃদ্ধ গরম তাপ নিয়েছিলো। কোন সময়ে অসর্তকতার কারণে আগুনের লেলিহান শিখা ঘরে ছুঁয়ে মুহূর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার ও আর্থিক সহায়তা প্রদান করেন।
ফায়ার সার্ভিস জানান, খবর পেয়ে দ্রুত অগ্নিকাণ্ডস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে পেকুয়া সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ অগ্নিকাণ্ডের সত্যতা জানিয়ে বলেন, আমি গিয়েছিলাম তাদের সহয়তা দেওয়া হয়েছে।

















