পেকুয়া সরকারি হাসপাতালে এক্সরে মেশিন ও অপারেশন থিয়েটারের উদ্বোধন


রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। এ হত্যাযজ্ঞের ভয়াল দিনে উদ্বোধন করা হল কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন, অপারেশন থিয়েটার এবং চক্ষু বিভাগ।
রবিবার (২১ আগস্ট) বেলা ১১টায় শুভ উদ্বোধন করেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম।
তিনি হাসপাতালে এসে পৌঁছলে ফুল দিয়ে বরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরী।
পরে সাংসদ জাফর আলম একে একে ফিতা কেটে রিসিপশন, এক্সরে মেশিন, অপারেশন থিয়েটার এবং চক্ষু বিভাগ উদ্বোধন করেন।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন মাজেদ চৌধুরীর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উম্মে কুলসুম মিনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. মজিবুর রহমান, পেকুয়া থানার ওসি মোহাম্মদ ফরহাদ আলী।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিউদ্দিন মাজেদ চৌধুরীর কাছে উন্নয়ন কাজের কথা জানতে চাইলে তিনি বলেন, উদ্বোধনের জন্য এমপি মহোদয়ের ঠিকমত সময় দিতে পারছেন না তাই এমপি মহোদয় ওই দিন তারিখ দিতে বলছে তাই আমি দিলাম।
এ বিষয়ে জানতে চকরিয়া পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

















