ভূয়া চক্ষু চিকিৎসক আটক হয়েছে মানিকছড়িতে
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে ভূয়া ডিগ্রিধারী এক চক্ষু চিকিৎসককে আটক করেছে জনতা। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা করেছে।
জানা গেছে, ফেনী সদরের ফরহাদ নগর এলাকার মো. আমান উল্লাহ’র ছেলে মো. হারুন-অর-রশিদ নিজেকে এম.বি.বি.এস, ডি.ও.এস এবং চক্ষু বিশেষজ্ঞ সার্জন পরিচয় দিয়ে মানিকছড়ির বাজারস্থ সনজীব ফার্মেসীতে দীর্ঘ দিন ধরে চিকিৎসা দিয়ে আসছিল। তার চিকিৎসা এবং উল্লেখিত ডিগ্রিতে সন্দেহ হলে মঙ্গলবার দুপুরে ভোক্তভোগী রোগীদের অনুরোধে স্থানীয়রা বিষয়টি ইউ.এন.ওকে অবহিত করে।
পরে ইউ.এন.ও সনজীদা শরমিন এবং উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. দিদারুল ইসলাম ওই চিকিৎসককে স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ে ডেকে আনেন। সেখানে তার শিক্ষাগত যোগ্যতা ও চিকিৎসার বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে একজন ভূয়া চক্ষু চিকিৎসক হিসেবে প্রমাণিত হয় এবং সে তার অপরাধ স্বীকার করে। পরে ইউ.এন.ও এই ভূয়া চক্ষু চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশ হাজার টাকা জরিমানা করেছেন এবং ভবিষ্যতে সে আর ভূয়া সনদে চিকিৎসা করবে না মর্মে মুচলেখা নিয়ে ছেড়ে দেন। বিষয়টি জানাজানি হলে শত শত ভোক্তভোগী মানুষ তাকে দেখতে ভীড় জমায়।



















