রাঙামাটিতে হারিয়ে যাওয়া ৫০ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ


রাঙামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সফল প্রচেষ্টায় ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এসব ফোন হস্তান্তর করেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলার বিভিন্ন স্থানে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন জিডি মূলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক উদ্ধার করা হয়।
সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল সাইবার অপরাধ প্রতিরোধ, ক্লুলেস মামলা ডিটেকশনের পাশাপাশি অদ্যবধি ৫০৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি এক লক্ষ টাকা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাইবার ক্রাইম মনিটরিং সেলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে ভিকটিমগণ তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফেরত পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

















