পাহাড় কাটার দায়ে
লামায় এফএসি ইটভাটাকে ৭ লক্ষ টাকা জরিমানা


উপজেলার ফাইতং ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যেগে অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্টে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে এফএসি ইটভাটার মালিককে ৭ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব পৃথক আদেশে দন্ড প্রদান করেন। পরিবেশ অধিদপ্তরের বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম প্রসিকিউশন প্রদান করেন।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন জানান, মোবাইল কোর্টে এফএসি ইট ভাটাকে পাহাড় কর্তনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(খ), ২য় বার লঙ্ঘনের অপরাধে ৭ লক্ষ টাকা এবং জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযানে লামা বন বিভাগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ উপস্থিত ছিলেন।
ঘটনাপ্রবাহ: কাটা, পাহাড়
Facebook Comment

















