সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে : পর্যটন মন্ত্রী


বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, গাছ মানুষের পরম বন্ধু। গাছ আমাদের ফল, ছায়া দেওয়া সহ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে।
রবিবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম মাঠে “একটি শিশু একটি গাছ” কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পর্যটন মন্ত্রী বলেন, আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হলে সারা দেশ সবুজায়ন হবে। বিপদের সময় গাছ মানুষের পরম বন্ধু। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগাতে হবে। তাই একটি গাছ লাগানো শুধু একটি চারা রোপণ নয়। এটি একটি অঙ্গীকার। এটি একটি দায়িত্ব। এটি আগামী প্রজন্মের জন্য একটি উপহার।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি আধুনিক, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। আমরা বিশ্বাস করি, উন্নয়ন শুধু সেতু, সড়ক কিংবা ভবন নির্মাণের নাম নয়। উন্নয়ন তখনই অর্থবহ, যখন প্রকৃতি সুরক্ষিত থাকে। পরিবেশ নিরাপদ থাকে। মানুষ সচেতন হয়।
অনুষ্ঠানে তিনি সবাইকে কমপক্ষে একটি গাছের চারা রোপণ করার আহ্বান জানান।
মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
















