তরুণ প্রজন্মকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


অন্যায়, অপকর্ম ও অসামাজিক কাজকর্ম রোধ করার দায়িত্ব সকলের উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের তরুণ প্রজন্মকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে হবে। সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়া প্রত্যেক বাবা-মায়ের কাম্য। যারা মারামারি বা গ্রাম্য কাইজায় জড়াবেন, তারা আমার যত কাছের লোকই হোন না কেন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও স্থানীয় বিরোধ নিরসনে এই সময়োপযোগী সভার আয়োজন করা হয়।
বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সভাকে একটি প্রতীকী উদ্যোগ হিসেবে অভিহিত করে বলেন, এটি কেবল একটি ইউনিয়নের জন্য নয়, বরং নগরকান্দা ও সালথা উপজেলার প্রতিটি গ্রাম এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের জন্য প্রযোজ্য। নিজের নির্বাচনী এলাকা ফরিদপুর-২ আসনের জনগণের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, স্বৈরাচারী সরকার দেশের গণতন্ত্র হরণ করেছিল, যা থেকে মুক্ত হয়ে আমরা কেবল গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছি। আমরা কোনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। তাই ইউনিয়নে ইউনিয়নে আর ‘দ্বন্দ্ব মিলমিশ’ করার সভা তিনি দেখতে চান না।
সংঘাতকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ঢাল-সড়কিসহ মারামারির যাবতীয় অস্ত্র পুলিশের নিকট জমা দিতে হবে। সহিংসতা ছেড়ে সবাই একসঙ্গে মিলেমিশে থাকলে তবেই সমাজ সুন্দর হবে এবং শিক্ষার আলো যত ছড়াবে, তরুণরা তত অপকর্ম থেকে দূরে থাকবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এক উদ্বেগজনক তথ্য তুলে ধরে জানান, গত এক মাসে ফরিদপুর জেলায় মোট ৩৫টি মারামারির মামলা হয়েছে, যার মধ্যে কেবল ডাঙ্গী ইউনিয়নেই ঘটেছে ১০টি। তিনি সাফ জানিয়ে দেন, মারামারির নামে কোনোভাবেই মহাসড়ক বন্ধ করতে দেওয়া হবে না।
অনুষ্ঠানে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদের সভাপতিত্বে এবং মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন।
এ ছাড়াও ফরিদপুর জেলা ও নগরকান্দা উপজেলা বিএনপি, যুবদলসহ অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, প্রধান অতিথির বক্তব্যের আগে এই সভার মঞ্চে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে। নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের মধ্যস্থতায় এবং ‘গ্রাম্য কাইজা না করার শর্তে’ ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি রইস উদ্দিন চোকদার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান তারা মোল্লার মধ্যকার দীর্ঘদিনের বিরোধের আনুষ্ঠানিক অবসান ঘটানো হয়। তারা আর কখনো সংঘাতের পথে হাঁটবেন না বলে উপস্থিত সকলের সামনে অঙ্গীকার করেন।
















