টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ২


কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড, মিঠাপানির ছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটককৃত মাদক কারবারিরা হচ্ছে- টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া গ্রামের ছৈয়দ আহম্মদ স্ত্রী আনোয়ারা বেগম ও আবদুর রহিমের পুত্র আব্দুল্লাহ (২৭)।
সোমবার (২৫ নভেম্বর) সকালে র্যাব-১৫ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এই অভিযান পরিচালনা করে।
কক্সবাজার র্যাবের সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, (২৫ নভেম্বর) সকালে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র্যাব সদর দপ্তর-এর গোয়েন্দা শাখা হতে প্রাপ্ত তথ্যে জানতে পারে যে, টেকনাফ থানাধীন সদর ইউপিস্থ ১ নং ওয়ার্ড মিঠাপানির ছড়া এলাকায় কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে চৌকস অভিযানিক দলটি অভিযান পরিচালনা করে ৯০ হাজার পিস ইয়াবা, ২টি বাটন ফোনসহ ২ জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

















