খাগড়াছড়ি পৌরসভায় বিএনপির প্রার্থী এ্যাড. মালেক মিন্টু
সিনিয়র স্টাফ রিপোর্টার :
নানা সমীকরণ শেষে তৃণমুল নেতাকর্মীদের ভোটে খাগড়াছড়ি পৌরসভায় বিএনপির প্রার্থী চুড়ান্ত করা হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত গোপন ব্যালটে টানা ভোট গ্রহণ শেষে খাগড়াছড়ি জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মো: আবদুল মালেক মিন্টু দলীয় প্রতীকে প্রার্থিতার জন্য মনোনীত হয়েছেন।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলীয় ভোট যুদ্ধে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচনে ১’শ ৩৮ জন ভোটারের মধ্যে ১’শ ২৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
খাগড়াছড়ি জেলা বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মো: আবদুল মালেক মিন্টু আনারস প্রতীক নিয়ে ৭৫ ভোট পেয়ে তৃণমূল নেতাকর্মীদের সর্বাধিক সমর্থন লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাগড়াছড়ি জেলা বিএনপির সদস্য অনিমেষ চাকমা রিঙ্কু আম নিয়ে ৪৪ ভোট আর খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভানেত্রী শাহনাজ বেগম রোজি গোলাপ ফুল প্রতীক নিয়ে ৯ ভোট পান। দলীয় ভোটাভুটিতে একটি ভোট নষ্ট হয়।
ভোটগ্রহণ শেষে দলীয় প্রার্থী নির্বাচনে ভোটগ্রহণের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান ও খাগড়াছড়ি জেলা বিএনপির জৈষ্ঠ্য সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার আগে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া টেলিকনফারেন্সে নেতাকর্মীদের সব ধরণের ভেদাভেদ ভুলে দলীয় প্রার্থীর পক্ষের কাজ করার আহবান জানিয়ে বলেন, দলের মধ্যে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। আমরা চাপিয়ে না দিয়ে সম্মিলিতভাবে সকলের মতামত দিয়ে পৌর নির্বাচনে দলীয় প্রার্থী দিতে তৃণমূলের ভোটে প্রার্থী নির্বাচন করেছি।


















