দীঘিনালায় শান্তিপূর্ণভাবে পালিত হলো ১৮ দলীয় জোটের প্রথম দিনের অবরোধ
উপজেলা প্রতিনিধি, দীঘিনালা :
দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও কেন্দ্রীয় শীর্ষ এবং স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টার অবরোধের প্রথম দিন পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শান্তিপূর্ণভাবে অতিবাহিত হলো। অবরোধের সমর্থনে সকালে বিক্ষিপ্ত কয়েকটি স্থানে পিকেটিং করতে দেখা যায় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। তবে উপজেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন দেখা গেছে।
অন্য দিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতারের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে জেলা ছাত্রদল আগামীকাল হরতালের ডাক দেয়।
হরতালের সমর্থনে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিকাল ৫ টার দিকে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি উপজেলার লারমা স্কয়ার সংলগ্ন কলেজ গেইট এলাকা থেকে শুরু করে বোয়ালখালী বাজার গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আকারে সমাবেশ করে। এতে সভাপতিত্বে করেন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ সোহরাব
হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, ছাত্রদলের মোঃ নাজমুল, মিজানুর রহমান মিজান, মোঃ সেলিম, নাজমুল, রাফি প্রমুখ।



















