আমি নির্বাচিত হলে সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সমভাবে উন্নয়নে কাজ করবো : সাচিংপ্রু জেরী


বান্দরবান আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিংপ্রু জেরী বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি বিজয়ী হলে বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের হাত শক্তিশালী হবে। বান্দরবানে শহীদ জিয়াই যুগ যুগ ধরে অবহেলিত ও অনগ্রসর মানুষের উন্নয়নে প্রথম কাজ শুরু করেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি নির্বাচিত হলে সকল সম্প্রদায়কে সঙ্গে নিয়ে সমভাবে উন্নয়ন কাজ করবো।
শনিবার (৩১ জানুয়ারি) আলীকদম উপজেলা বিএনপির উদ্যোগে বাজার চত্বরে বান্দরবানে বিএনপির মনোনীত প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিটন, বান্দরবান জেলা পরিষদের কামলাই ম্রো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক আনছার আহমেদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য মংক্যানু মার্মাসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা।
প্রচারণাকালে সাচিংপ্রু জেরী বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামী বাংলাদেশ ও দেশের জনগণের জন্য অমূল্য সম্পদ। তিনি যে পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এগিয়ে যাচ্ছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
আলীকদমবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘পাহাড়ি আর বাঙালি—আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। বিএনপি তথা আমি নির্বাচিত হলে জেলার বৃহত্তর লামা উপজেলার সমস্যা ও সম্ভাবনার নিরসনে প্রথম কাজ শুরু করবো। দুর্গম এলাকার মানুষের কষ্ট আমি ভালোভাবে জানি।’

















