আলীকদম জোনের উদ্যোগে কুরুকপাতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম ৪নং কুরুকপাতা ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী ও পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন (৩১ বীর)-এর উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকালে কুরুকপাতা মৈত্রী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে ২৭৬ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
আলীকদম জোন সূত্রে জানা যায়, সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও চিকিৎসা সহায়ক কর্মীদের তত্ত্বাবধানে পরিচালিত এ ক্যাম্পে ১৩৩ জন পুরুষ, ৬৭ জন নারী ও ৭৬ জন শিশুসহ মোট ২৭৬ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষা, রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহের পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আলীকদম জোন নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
এ বিষয়ে আলীকদম জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলীকদম জোন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কঠিন। সেনাবাহিনীর এ ধরনের বিনামূল্যের মেডিকেল ক্যাম্প তাদের জন্য অনেক উপকার বয়ে আনে এবং স্বাস্থ্যসেবার সুযোগকে সহজলভ্য করে তোলে।
মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

















