কাপ্তাইয়ে ৮৪১ জন এইচএসসি পরীক্ষার্থীর অংশগ্রহণ


রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। উপজেলার একমাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলিয়ে মোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজ উদ্দিন।
তিনি জানান, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে সর্বমোট ৮৪১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৭১ জন, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে ৬৩৯ জন এবং বিলাইছড়ি কলেজ থেকে ৩১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবারের পরীক্ষা পদ্ধতি একেবারেই নতুন। মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনায় প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয় থেকে বসে শ্রেণিকক্ষ, করিডোর এবং দায়িত্বরত শিক্ষকদের কার্যক্রম মনিটরিং করা যায়।
পরীক্ষাকেন্দ্রের হল সুপার কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম বলেন, এই পরীক্ষা কেন্দ্রে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

















