দেশে নতুন করে কোন স্বৈরাচার ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না : সালাহউদ্দিন


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন—এ দেশে নতুন করে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেওয়া হবে না। মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল, বারবার তাদের স্বপ্ন হোঁচট খেয়েছে, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আর সেদিকে যেতে চাই না।
তিনি বলেন, আমাদের গণঅভ্যুত্থানের শহীদরা আমাদের সন্তানেরা এবং মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন দেখেছিল, সবাই ঐক্যবদ্ধ থেকে সেই স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে হবে। এ দেশ আমাদের ঠিকানা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এখানেই জন্ম, এখানেই মৃত্যু—আমাদের এখানেই থাকতে হবে। কাজেই এ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। শহীদদের স্বপ্ন পূরণের বাংলাদেশ গড়তে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ দেশে ধর্ম-বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য নাই—সেটাই আমরা প্রতিষ্ঠিত করব। সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার দিয়ে তিনি বলেন, অতীতেও বিএনপি এ দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিল, ভবিষ্যতেও তাই করবে। আমাদের পরিচয় হবে একটাই—আমরা সকলে বাংলাদেশি।
জামায়াত ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, সাইনবোর্ড দেখানোর জন্য একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে জাতির সঙ্গে প্রতারণা করতে পারবেন না। কারণ এ দেশের মানুষ জানে আপনারা এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন।
বিএনপি মুক্তিযোদ্ধাদের দল উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের দলেই সবচেয়ে বেশি সেক্টর কমান্ডার ও মুক্তিযোদ্ধা রয়েছে। বিএনপিই স্বাধীনতার পক্ষের দল এবং এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গণের একজন মুক্তিযোদ্ধা। এ দেশের বড় আলেম-উলামারা আজ জামায়াত ইসলামীর ধর্মীয় বিভ্রান্তির বিপক্ষে অবস্থান নিয়েছে।
বিএনপিকে এ দেশের শক্তি এবং এ দেশের রাজনৈতিক দল উল্লেখ করে সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়জী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন কমিশনার, পৌরসভার প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান, সাবেক কাউন্সিলর জাফর আলম কালু, পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জকরিয়া সহ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

















