পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেই যেন মৃত্যু হয়, এটিই আমার একমাত্র স্বপ্ন- খাগড়াছড়িতে: ওয়াদুদ ভুইয়া


খাগড়াছড়ি আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেছেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করেই যেন মৃত্যু হয়, এটিই আমার একমাত্র স্বপ্ন। তিনি বলেন,পাহাড়ে জাতি, গোষ্ঠী, ধর্ম, বর্ণ নির্বিশেষে মিলেমিশে একটি সুন্দর পরিবেশ তৈরি করবো। যেখানে কোন ভয় থাকবেনা। বিভেদ, সংঘাত, হানাহানি যাতে না হয় সেই লক্ষ্যেই সবাইকে নিয়ে এগিয়ে যাবো।
শুক্রবার (২৮ নভেম্বর) পৌর টাউন হল মাঠে চাকমা নেতৃবৃন্দের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় পাহাড়ের সমস্যার সৃষ্টি ও ভাইয়ে ভাইয়ে সংঘাতের জন্যে শেখ মুজিব ও আওয়ামী লীগকে দায়ী করে ওয়াদুদ ভুইয়া বলেন, শেখ হাসিনা পাহাড়িদেরকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বলে আখ্যায়িত ও সংবিধানে লিপিবদ্ধ করে অপমানজনক জায়গায় নিয়ে গেছে।
ওয়াদুদ ভুইয়া বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করাই একমাত্র করণীয় কাজ। এ শান্তি প্রতিষ্ঠা করেই যেন আমার মৃত্যু হয়। এটিই আমার একমাত্র স্বপ্ন। আগামীতে বিএনপিকে ভোট দিয়ে দায়িত্ব দিলে বিগত দিনের ভাইয়ে ভাইয়ে হানাহানি, মারামারি বন্ধে উদ্যোগ নেয়া হবে। যাতে পাহাড়ি বাঙালি ভাই বোনদের মাঝে পারস্পরিক বন্ধুত্ব, আস্থা, বিশ্বাস ও বন্ধুত্ব স্থাপন করে একটি সুন্দর ফুলের বাগান এবং দেশের মডেল হিসেবে এ পাহাড় থাকবে।
তিনি বলেন, পাহাড়ে ভাইয়ে ভাইয়ে হানাহানির কারণে বহু সম্ভাবনাময়ী শিক্ষিত তরুণ প্রাণ হারিয়েছে। অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি, ভাই, সন্তান নিহত হয়েছে। অবৈধ অস্ত্রের ঝনঝনানি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কোন সভ্য ও শিক্ষিত জাতির কাজ নয়।
সমাবেশে বিগত বিএনপি সরকারের আমলে পাহাড়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন ওয়াদুদ ভুইয়া। বলেন, বিশ বছর আগে বিএনপি যা করে গেছে এখনো তাই রয়েছে। এ এলাকার উন্নয়নের জন্যে গ্রাম থেকে শহর পর্যন্ত আরও অনেক রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও উচ্চ শিক্ষার ব্যবস্থা করা দরকার। এখানকার মানুষের জীবনমান উন্নত করতে ব্রিজ, কালভার্টসহ সড়ক প্রশস্ত শরণ করা হবে।
পাহাড়ের কৃষি, উৎপাদন ও বনকে শিল্পায়নে পরিণত করা, এলাকার রাস্তার-ঘাট ও শিক্ষাখাতে ব্যাপক উন্নয়নসহ বেকারত্ব দূর করা এবং বিনা পয়সায় চাকরি দেয়া হবে বলে ওয়াদা করেন ওয়াদুদ ভুইয়া।
সমাবেশে নির্বাচন নিয়ে জামায়াতের নেতাদের করা বেশ কিছু মন্তব্যের সমালোচনা করেন তিনি। ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষ ও ভোটারদের বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে ওয়াদুদ ভুইয়া বলেন, বায়তুল মালের নামে চাঁদাবাজি বন্ধ করতে হবে। নারীদের স্বাধীনতার নামে সময় বেঁধে দিয়ে চাকরি ঘণ্টা নির্ধারণ একধরণের প্রতারণা।
পাহাড়ে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করে আসন্ন সংসদ নির্বাচনে পাহাড়ি বাঙালি মিলেমিশে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
২৯৮ নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুইয়ার সমর্থনে আয়োজিত চাকমা নেতৃবৃন্দের সমাবেশের সভাপতিত্ব করেন, প্রবীন চন্দ্র চাকমা।
সমাবেশকে ঘিরে জেলা সদরের বিভিন্ন প্রান্ত থেকে ধানের ছড়া নিয়ে সমাবেশস্থলে আসেন চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষেরা।
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, সাধারণ সম্পাদক এম এন আবছার, সহ সভাপতি দেবরাণী চাকমা অনেকে উপস্থিত ছিলেন।

















