সাজেকে ইউপিডিএফ সদস্য হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় আগামী ১১ মে দীঘিনালা-সাজেক সড়কে আধাবেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে প্রসীত গ্রুপের নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
শনিবার (৯ মে) ইউপিডিএফ’র পক্ষ থেকে সাজেক সড়কে প্রতিবাদ সমাবেশ করা হয় এবং ১১ মে দীঘিনালা-সাজেক সড়কে আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় সশস্ত্র দলটি।
এর আগে শনিবার ভোরে সাজেকের দুর্গম শুকনো ছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত দলের সদস্য হেগেরা চাকমা (৫০) ওরফে লেত্তবাপকে গুলি করে হত্যা করে তাদের প্রতিপক্ষ গ্রুপ। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত দলের সদস্য।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, গত ৭ মে পানছড়ি বাজারে ইউপিডিএফ গনতান্ত্রিক দলের সদস্য (কালেক্টর) ইমনকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের ধারণা ইমন হত্যার প্রতিশোধে প্রতিপক্ষ গ্রুপ এই ঘটনায় জড়িত থাকতে পারে।

















