উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার


কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬৪ ব্যাটালিয়নের পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী সীমান্তের আঞ্জুমান পাড়ার পানির পয়েন্ট এলাকায় বিজিবি টহল জোরদার করে। এ সময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাদের আটকানোর চেষ্টা করে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালানোর সময় একটি কালো ব্যাগ ও একটি শার্টে মোড়ানো পোটলা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সেগুলো তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৯ প্যাকেটে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
৯ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে পালংখালী সীমান্তে আরেকটি বিশেষ অভিযান পরিচালিত হয়। আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটে মিয়ানমার দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি তাদের দিকে অগ্রসর হয়। তখন চোরাকারবারীরা সাঁতার কেটে মায়ানমারে পালিয়ে যায়, কিন্তু তাদের হস্ত চালিত নৌকা বাংলাদেশের অভ্যন্তরে রেখে যায়। নৌকা তে থাকা থাকা সাদা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১০ কাটে মোট ১ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, “পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত ইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

















