দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন


আদিবাসী স্বীকৃতির দাবির আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ( পিসিসিপি)।
রোববার (১০ আগষ্ট) সকালে রাঙামাটি শহরের বনরুপা সিএনজি স্টেশন চত্বরে সংগঠনটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, আদিবাসী স্বীকৃতি নিতে পাহাড়িরা এত মরিয়া হয়ে ওঠার কারণ কি? এর কারণ হলো, পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা আদিবাসী নয়, তারা বহিরাগত দেশ থেকে বিতাড়িত হওয়া আশ্রিত জাতি। ঐতিহাসিক তথ্য মতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বার্মা, ভারতের তিব্বত, ত্রিপুরা, মিজোরাম, মঙ্গোলীয় এবং চীনসহ বিভিন্ন দেশ থেকে ১৭৩০ সাল নাগাদ যুদ্ধে বিতাড়িত হয়ে বাংলাদেশের ভূখণ্ডে অস্থায়ীভাবে আগমণ করে৷ অনেক চাকমা ও মারমা পন্ডিত, লেখকগণ তাদের লেখা বিভিন্ন বইতে উল্লেখ করেছে, তারা আদিবাসী নয়, তারা পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিতাড়িত হয়ে এদেশে বসতি স্থাপন করেছে। তাদের অধিকাংশের আদি নিবাস বার্মা ও বার্মার চম্পকনগরে। তারা যে এদেশের আদি বাসিন্দা নয়, এটা তারা বিভিন্ন সংবাদ মাধ্যমেও অকপটে স্বীকার করেছে।
তাছাড়াও বাংলাদেশ সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে কোন আদিবাসী নেই, তারা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে স্বীকৃত।
বক্তারা আরো বলেন, কাক যেমন ময়ূরের পেখম লাগালে ময়ূর হয়না, তেমনি এদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা কখনো আদিবাসী হয়না। আদিবাসী হতে হলে ভূমি সন্তান হতে হয়, এবং হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করতে হয়। পার্শ্ববর্তী দেশ ভারত, মায়ানমার ও চীন হতে পার্বত্য চট্টগ্রামে অভিবাসী হিসেবে এসে বসতিস্থাপন করলে ভূমি সন্তান হওয়া যায় না। মূলত আদিবাসী স্বীকৃতির নামে আলাদা রাষ্ট্র জুম্মল্যান্ড প্রতিষ্ঠার স্বপ্নে ষড়যন্ত্রে লিপ্ত কতিপয় উপজাতীয় ও দেশীয় কুচক্রী মহলগুলো।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক হাবীব আল মাহমুদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পিসিসিপি ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন, পিসিসিপি রাঙামাটি জেলা যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, পৌর সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

















