পাহাড়ের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহবান এমপি সাচিংপ্রু জেরীর


বান্দরবানের আলীকদমে সরকারি কর্মকর্তা, হেডম্যান, কার্বারী ও গণ্যমান্যদের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিংপ্রু জেরী বলেছেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
বর্তমানে আলীকদম উপজেলায় হাম ও ডায়রিয়া রোগে প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায সেগুলো রোধ করার জন্য সমন্বিতভাবে কাজ করার কথা বলেন।
তিনি আরও বলেন, শুধু আলীকদমের দুর্গম এলাকায় নয়, আমার নির্বাচনী এলাকার ৭টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পানি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে আলীকদম উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম এর সভাপতিত্বে মতবিনিময় ও মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচিং প্রু জেরী এমপি।
সভায় পস্থিত ছিলেন আলীকদম সেনাজোনের মেজর মো. হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হানিফ, আলীকদম থানার ওসি আলমগীর হোসেন শাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি ব্যবস্হা নিশ্চিত করা, মাদক নির্মূল করা, মানব পাচার প্রতিরোধ, অবৈধভাবে গাছ কাটা, বালু উত্তোলন বন্দ করা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, ইকোনোমিক ট্যুরিজম ব্যবস্হাপনা এবং পাহাড়ি জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম ও চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে মতামত তুলে ধরেন।
সভায় উপস্থিত হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















