মিয়ানমারকে সীমান্তে অপরাধ ও জনগণের উপর সহিংসতা বন্ধের আহ্বান আসিয়ানের

fec-image

মিয়ানমার সরকারকে অবিলম্বে সীমান্তপারের অপরাধ ও জনগণের ওপর বৈরী আচরণ বন্ধের আহ্বান জানিয়েছে আসিয়ান। সংস্থাটি জানিয়েছে, এসব অপরাধ কেবল মিয়ানমারের ভেতরেই সীমাবদ্ধ নয় বরং পার্শ্ববর্তী দেশগুলো ও পুরো আসিয়ান অঞ্চলের জন্য এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত Extended Non-Official Consultation on the Implementation of the Five-Point Consensus বৈঠক শেষে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরি মোহাম্মদ হাসান সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চাই মিয়ানমার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সব পক্ষ অবিলম্বে এই পরিস্থিতি বন্ধ করুক। এটি এখন আসিয়ানভুক্ত দেশগুলোর জন্য গুরুতর সমস্যা হয়ে উঠেছে।‘

৪৭তম আসিয়ান সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকের অংশ হিসেবে অনুষ্ঠিত এই সভায় থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুঘিয়োনো এবং ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া থেরেসা লাজারো অংশ নেন।মোহাম্মদ হাসান আরও বলেন, আসিয়ান চায় মিয়ানমার প্রশাসন নিজেদের জনগণের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা ও শত্রুতা বন্ধ করুক। তিনি উল্লেখ করেন, সহিংসতা বন্ধ ও শান্তিপূর্ণ সংলাপ প্রতিষ্ঠা Five-Point Consensus-এর অন্যতম ভিত্তি, যা এখনো মিয়ানমার সংকট মোকাবিলায় আসিয়ানের মূল দিকনির্দেশনা।

আসন্ন নির্বাচনে মিয়ানমারের জন্য আসিয়ান পর্যবেক্ষকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন অবশ্যই সুষ্ঠু, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক হতে হবে। আসিয়ান এমন কোনো নির্বাচন চায় না, যেখানে শুধু কিছু নাগরিক অংশ নিতে পারবে আর বাকিদের বাদ দেওয়া হবে।‘

তিনি আরও জানান, এই বিষয়টি নেতাদের বৈঠকেও আলোচনা হবে।

মানবিক সহায়তা বিষয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে এখনো মানবিক সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিভিন্নভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা মিয়ানমার প্রশাসনকে বলবো যেন তারা মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করে।‘

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী নির্বাচিত জাতীয় ঐক্য সরকারকে উৎখাত করার পর দেশটি দীর্ঘ রাজনৈতিক ও মানবিক সংকটে নিমজ্জিত হয়। ওই বছরের এপ্রিলে অনুষ্ঠিত জরুরি আসিয়ান বৈঠকে Five-Point Consensus গৃহীত হয়, যেখানে তাৎক্ষণিকভাবে সহিংসতা বন্ধ, সংলাপের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানানো হয়।

চলমান এই সংকটই ৪৭তম আসিয়ান সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। মালয়েশিয়ার নেতৃত্বে আগামী ২৬ থেকে ২৮ অক্টোবর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে মিয়ানমার ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে কূটনৈতিক মহলে আশা করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আসিয়ান, মিয়ানমার, সীমান্ত সহিংসতা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন