চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু


কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ শাহেদ (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে নিহত শাহেদ ওই এলাকার সোলতান আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, সাহারবিল ইউনিয়ন পরিষদের রেলব্রিজ সংলগ্ন পশ্চিম মাইজঘোনা এলাকার স্থানীয় আবু ছৈয়দের বাড়িতে কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। কাজ করার জন্য বাড়ির দ্বিতীয় তলায় উঠলে আকস্মিক ভাবে
পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের তারের সংস্পর্শে জড়িয়ে যাওয়ার কিছুক্ষণ পর নদীতে পড়ে যায় নির্মাণ শ্রমিক শাহেদ। পরে স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি টিম বিদ্যুৎস্পৃষ্টে নিহতের মরদেহ উদ্ধার করেন।
পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের ডিজিএম মো.এমরান গনি বলেন, আমাদের বিদ্যুতের তারের সাথে জড়িয়ে নির্মাণ শ্রমিক নিহত হওয়ার খবরটি শুনেছি। কিভাবে তারে জড়িয়েছে তদন্ত করে দেখা হবে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শফিকুল ইসলাম বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে এক নির্মাণ শ্রমিক নিহতের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

















