জগন্নাথ হলে ক্রীড়া সম্পাদক (আউটডোর) পদে স্বতন্ত্র প্রার্থী হলেন জুনান চাকমা


আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ এ জগন্নাথ হল ছাত্র সংসদে ‘ক্রীড়া সম্পাদক (আউটডোর)’ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জুনান চাকমা।
১৮ আগস্ট ২০২৫ নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেন। জুনান জানান, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই তিনি হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তার ফুটবল, অ্যাথলেটিক্স, ক্রিকেট ও ব্যাডমিন্টনের প্রতি আগ্রহ তাকে জগন্নাথ হলের ক্রীড়াঙ্গনের সাথে নিবিড়ভাবে যুক্ত করেছে।
তিনি বিশ্বাস করেন, জগন্নাথ হলের শিক্ষার্থীরা সঠিক নির্দেশনা ও লজিস্টিক সাপোর্ট পেলে কেবল বিশ্ববিদ্যালয় নয়, জাতীয় ক্রীড়াঙ্গনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম। এই লক্ষ্যকে সামনে রেখে তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছেন।
জুনান চাকমা আরো জানান, নির্বাচনে জয়ী হোক বা না হোক, জগন্নাথ হল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনের বিকাশ, সংস্কার ও উন্নয়নে তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন। এছাড়া তিনি শিক্ষার্থী ও খেলোয়াড়দের যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে আপোষহীন অবস্থান রাখবেন। শিগগিরই তিনি নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন এবং তার জন্য শিক্ষার্থীদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেবে।
জুনান চাকমার উল্লেখযোগ্য ক্রীড়া অর্জনসমূহ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২ এবং ৫২তম ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৩ এ চ্যাম্পিয়ন, টপ হান্ড্রেড-এর কৃতিত্ব রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন ২০২৫ প্রতিযোগিতায়, ৫৩তম ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৪ এর চ্যাম্পিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪ এবং ৫৪তম ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫ এর এর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম গতকাল সোমবার শেষ হয়। জুনান চাকমা ছাড়াও পাবর্ত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরো ৩ শিক্ষার্থী এবারের ডাকসু নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, হেমা চাকমা, সর্ব মিত্র চাকমা ও সুর্মী চাকমা। এর মধ্যে সর্ব মিত্র চাকমা রয়েছেন শিবিরের প্যানেলে।
জানা যায়, ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ১৮টি হলে হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
হল ভিত্তিক মনোনয়নপত্রের পরিসংখ্যান অনুযায়ী, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, জগন্নাথ হলে ৬৬ জন, ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩ জন, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪ জন, শামসুন নাহার হলে ৩৭ জন, কবি জসীম উদ্দীন হলে ৭৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন, অমর একুশে হলে ৮৪ জন, কবি সুফিয়া কামাল হলে ৪০ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টা। যাচাই-বাছাই শেষে ২১ আগস্ট বেলা একটায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
ইতিমধ্যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খসড়া ভোটার তালিকা থেকে চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছেন ১৫৭ জন। চূড়ান্ত তালিকায় মোট ভোটার ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭১ জন ও ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। সেই নির্বাচনের পর দীর্ঘ বিরতি এবং সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবারের ডাকসু নির্বাচনকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে।
















