টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ ৪ জন আটক


কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটালিয় (র্যাব)।
পাচারকারীরা হচ্ছে আবদুল হাকিমের পুত্র মো. আব্দুস সালাম(৩৩), মৃত ফরিদ আলমের পুত্র মো. আব্দুল্লাহ(৩৫), মৃত আহাম্মদ হোসেনের পুত্র মো. নজরুল ইসলাম প্রকাশ কালু (৩৪) ও মৃত অলি সামছুল আলম (৫২)।
তারা সকলেই টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের তুলাতলি গ্রামের বাসিন্দা।
সুত্রে জানা যায়, কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতলি ঘাটে কতিপয় ব্যক্তিরা ইয়াবার একটি বড় চালান পাচারের জন্য অবস্থানের খবর মেলে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২০ জুলাই বিকালে র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের সদস্যরা ছদ্মবেশে ওই স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় জনৈক সুলতান আহাম্মদ এর ইঞ্জিন চালিত মাছ ধরার একটি কাঠের নৌকার ভিতর থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা,১টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন’সহ ওই চারজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের সহযোগী আরও তিনজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
কক্সবাজারের র্যাব-১৫ সোমবার সকালে উক্ত তথ্য নিশ্চিত করে জানায়- উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতার মাদক কারবারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

















