চকরিয়ায় মাতামুহুরী নদীতে চোরাবালিতে আটকে ২ কিশোরির মৃত্যু


কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে চোরাবালিতে আটকে গিয়ে মাদ্রাসা পডুয়া দুই কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় আরো দু’জন কিশোরী প্রাণে ফিরেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। অকালে তাদের হারিয়ে নদী তীরের দুই পরিবারে কান্নার রোল পড়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারাস্থ মৌলভীর চর বেড়িবাঁধের কাছে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই কিশোরীর বাড়ি মৌলভীর চর গ্রামে। তারা হলেন, হালকাকারা মৌলভীর চর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আক্তার (১৩) ও আবদুর রহিমের মেয়ে ইফসা মনি (১১)।
চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেল ৩টার দিকে সমবয়সী কয়েকজন কিশোরী মিলে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। এ সময় মৌলভীর চরস্থ মাতামুহুরী নদীর ঘাট থেকে একটু পা বাড়াতেই নদীগর্ভে চোরাবালিতে আটকে যান কিশোরীর দল। এ সময় দু’জন সাঁতরিয়ে তীরে চলে আসতে পারলেও দুজন নিখোঁজ থাকে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, দুই কিশোরী তলিয়ে যাওয়ার খবর পাওয়া মাত্রই তিনি ছুটে যান। এ সময় নদীর ওই স্থানে নামতেই বুঝতে পারেন, সেখানে বিশাল গর্তসহ সৃষ্ট চোরাবালিতে তলিয়ে রয়েছে দুই কিশোরী। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গত এক মাসের বেশি সময় ধরে রাজনৈতিকভাবে প্রভাবশালী একদল ব্যক্তি পৌরসভার হালকাকারা মৌলভীর চর এলাকায় শক্তিশালী ড্রেজার বসিয়ে মাতামুহুরী নদীর ভূ-গর্ভের বালু তোলায় নিয়োজিত রয়েছে। মূলত অবৈধভাবে ড্রেজারে বালু তোলার কারণে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। আর সেখানে পরিণত হওয়া চোরাবালিতে আটকে গিয়ে এই দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, মাতামুহুরী নদীতে তলিয়ে গিয়ে দুজন কিশোরীর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

















