খাগড়াছড়িতে শানে আলম ও মাটিরাঙ্গায় শামছুল হক আওয়ামীলীগের প্রার্থী
পৌরসভা নির্বাচন- ২০১৫সিনিয়র স্টাফ রিপোর্টার :
নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পার্বত্য খাগড়াছড়ির খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মো: শানে আলম ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক‘র নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার রাত ৮টার দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা‘র খাগড়াছড়ি জেলা শহরের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে জেলার এ দুই পৌরসভায় মেয়র পদে এ দু‘প্রার্থীর নাম চুড়ান্ত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের জৈষ্ঠ্য সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: জাহেদুল আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক এস এম শফি, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, সহ-সভাপতি মো: নুরুল আযম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কালাচান বণিক ও সাধারন সম্পাদক সুবাস চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাগড়াছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্যনিউজকে জানান, খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে চারজন এবং মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে পাঁচজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে খাগড়াছড়ি পৌরসভায় মো. শানে আলম এবং মাটিরাঙ্গায় শামছুল হককে সর্বসম্মতিক্রমে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
দলীয় মনোনয়ন প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় দলীয় প্রধান শেখ হাসিনাসহ দলের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: শামছুল হক বলেন, অতীতেও আমি এখানকার জনগনের জন্য নিরলসভাবে কাজ করেছি। আমি নির্বাচিত হলে মাটিরাঙ্গা পৌরসভার ‘অন্ধকারে আলো ছড়াতে’ সর্বোচ্চ চেষ্টা করবো।


















