গুইমারায় দুই নারী মাদক কারবারি আটক


খাগড়াছড়ির গুইমারায় ২৬ লিটার চোলাই মদসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, চট্রগ্রাম জেলার আকবরশা থানার ১নং ঝিল কলোনী এলাকার জশিম উদ্দিনের স্ত্রী সামছুন নাহার (পারভিন আক্তার-৩৮) এবং মো: আজহার উদ্দিনের স্ত্রী মুন্নি আক্তার (৩৬) ।
শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর সফিকের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বোরকা পড়ে সাদা বাজারের ব্যাগ হতে নিয়ে তারা দুজনেই চট্রগ্রাম যাওয়ার উদ্যেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছেন ।এমন সময় গুইমারা থানার এসআই আ: কাদের ও প্রতুল কুমার শীলের নেতৃত্বে পুলিশ সদস্যরা এসে তাদের আটক করে।পরে নারী পুলিশ সদস্যরা তাদের ব্যাগ তল্লাশী করলে স্যালাইনের ২৬টি প্যাকেটে দেশীয় তৈরি ২৬ লিটার চোলাই মদ পাওয়া যায়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুত কুমার বড়ুয়া জানান, আটককৃতদের বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিল ২৪ (খ)ধারায় মামলা হয়েছে এবং খাগড়াছড়ি জেল হাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো বলেন, ওরা দীর্ঘদিন গুইমারা থেকে চোলাই মদ নিয়ে চট্রগ্রামে ব্যবসা করে। ইতিপূর্বে ও মাদক সহ আটক হওয়ায় তাদের নামে একটি মাদক মামলা রয়েছে।

















