পাহাড়ে ত্রিপুরা–চাকমাদের ঘরে অতিথি আপ্যায়নের ধুম


খাগড়াছড়িতে চলছে প্রধান সামাজিক উৎসব বৈসাবি। চৈত্রের শেষ দিনে আজ চাকমাদের মূল বিঝু উৎসব। আর ত্রিপুরাদের বৈসুমা। উভয় সম্প্রদায়ের আজ অতিথি আপ্যায়নের দিন।
এই দিনে প্রতিটি ঘরে ঘরে বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়। তবে মূল আর্কষণ হলো বিভিন্ন প্রকারের সবজি দিয়ে রান্না করা বিশেষ খাবার ‘পাজন।’ চাকমা ও ত্রিপুরা বাড়িতে অতিথি আপ্যায়ন চলে রাত পর্যন্ত।
এদিকে ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হারিবৈসুর মধ্যদিয়ে বৈসু পালন শুরু করেছেন। তাদের উৎসবের প্রধান আকর্ষণ ‘গরয়া নৃত্য’। গ্রামে গ্রামে চলে এই বিশেষ ধরণের নাচ।
এছাড়া আগামীকাল রোববার সকাল থেকে মারমা সম্প্রদায়ের তিনদিন ব্যাপী সাংগ্রাই উৎসব শুরু হবে। জেলা শহরের পানখাইয়া পাড়া থেকে শোভাযাত্রার মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। কাল অনুষ্ঠিত হবে সাংগ্রাইয়ের মূল আর্কষণ রি-আকাজা বা পানি খেলা।
পাহাড়ে এই উৎসব দেখতে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করেছে।

















