মাটিরাঙায় বিক্ষোভ মিছিল ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের কুশপুত্তলিকা দাহ


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র ত্রিপুরাকে নিয়ে অশ্লালীন মন্তব্য করার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্ত্বর অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের খাগড়াছড়ি জেলা সভাপতি হারুন মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ছাড়াও মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এলাকায় নিজস্ব আধিপত্য বিস্তারে সন্ত্রাসী বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধাদের হেনস্থা ও লাঞ্ছিত করেন চেয়ারম্যান আবুল কাশেম ভুইয়া। এছাড়াও সরকারি কর্মচারী ও দলীয় নেতাকর্মীদের নিয়ে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানান বক্তারা। পরে চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য,গত ২৫ জুলাই থেকে তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ এনে স্থানীয় আওয়ামীলীগ, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নানা কর্মসূচী পালন করে আসছে।

















